বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

নাইক্ষ্যংছড়িতে কঠিন চীবর দান অনুষ্ঠানে ১১ বিজিবির সহায়তা

আনোয়ার হোছাইন, (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি : 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান অনুষ্ঠানে সহায়তা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার প্রজ্ঞামিত্র অরণ্য বিদর্শন ভাবনা কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এ ধর্মীয় অনুষ্ঠান।

অনুষ্ঠানে কক্সবাজার জেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ১৫-২০ জন ভিক্ষুসহ নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩০০-৩৫০ জন নারী-পুরুষ অংশ নেন। ধর্মীয় ভক্তি, প্রার্থনা, পিন্ডদান, দান কর্ম এবং আধ্যাত্মিক আলোচনা অনুষ্ঠানের প্রধান অংশ ছিল।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর পক্ষ থেকে অনুষ্ঠানে উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানটি কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে বিকেল ৬টায় সমাপ্ত হয়।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষাই করে না, বেসামরিক জনগোষ্ঠীর সাথে সম্প্রীতি, সামাজিক শান্তি ও পারস্পরিক সহমর্মিতা বজায় রাখতে আমরা কাজ করি। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবাইকে সহায়তা করা আমাদের পবিত্র দায়িত্ব।

স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের এক ভান্তে (ভিক্ষু) বলেন, বিজিবি শুধু নিরাপত্তা দেয় না, মানবিক ও সামাজিক কাজে অংশ নিয়ে মানুষকে একত্র করে। তাদের এই সহযোগিতা আমাদের হৃদয়ে স্থান পায়।

স্থানীয় বাসিন্দারা জানান, বিজিবির এ ধরনের উদ্যোগ পাহাড়ে শান্তি ও সৌহার্দ্যের পরিবেশ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত