বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

রাঙামাটিতে ‘অপারেশন ডেভিল হান্ট’-এ আ.লীগ নেতা গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটিতে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে এনামুল হক আনসারি (৩৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে শহরের রিজার্ভ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত এনামুল হক আনসারি রাঙামাটি জেলা আওয়ামী লীগের আইসিটি বিষয়ক সম্পাদক। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের কম্পিউটার পরিচালনাসহ সাধারণ সম্পাদকের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম তদারকি করতেন।

ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, এনামুল হক আনসারির বিরুদ্ধে একটি নিষিদ্ধ সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলেও জানান তিনি।

পুলিশের একটি সূত্র জানায়, পার্বত্য অঞ্চলে চলমান নিরাপত্তা বাহিনীর অভিযানের অংশ হিসেবে কয়েকজন সন্দেহভাজনকে দীর্ঘদিন ধরে নজরদারিতে রাখা হয়েছিল। তাদের মধ্যে এনামুল হক আনসারি গোপনে শহরে অবস্থান করছিলেন। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর আনসারিকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে জানিয়ে ওসি বলেন, “প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ওসি আরও বলেন, “নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম দমন ও এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশি অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন নিজের হাতে তুলে নিলে বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত