বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে চট্টগ্রামে এনসিপির শোকরানা সিজদা ও আনন্দ র‌্যালি 

নিজস্ব প্রতিবেদক :

জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত ও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর চট্টগ্রামে শোকরানা সিজদা, আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি–এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রজনতার নেতাকর্মীরা।

রায় ঘোষণার কিছুক্ষণ পরই সোমবার বিকেলে নগরীর দুই নম্বর গেট এলাকায় দলের নেতাকর্মী ও সমর্থকদের উল্লাসে মেতে উঠতে দেখা যায়। এসময় তারা মিষ্টি বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।

আনন্দ প্রকাশের পাশাপাশি ভারতের আশ্রয়ে থাকা শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরের দাবি জানান চট্টগ্রাম মহানগর সমন্বয়কারী সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয়। তিনি বলেন, “মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় এ রায় জনগণের প্রত্যাশা পূরণ করেছে। এখন রায় কার্যকরই প্রত্যাশা।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টি–এনসিপির যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন বলেন, “শুধু রায় ঘোষণা নয়, রায় কার্যকর হওয়াই মূল বিষয়। হাসিনা এবং তার সঙ্গে জড়িত সব সন্ত্রাসী নেতার শাস্তি আমরা দেখতে চাই।” পাশাপাশি তিনি আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গণহত্যাকারী দল’ আখ্যা দিয়ে দলটিকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানান।

কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সমন্বয়কারী মীর শোয়াইব, রাফসান জানি, সদস্য আশিক, মোহাম্মদ এমদাদুল হকসহ জাতীয় নাগরিক পার্টি, জাতীয় যুবশক্তি ও ছাত্রজনতার নেতাকর্মীরা।

এর আগে দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডাদেশ দেন। একই রায়ে মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি থেকে রাষ্ট্রপক্ষের সাক্ষী হয়ে যাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত