বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

মিরসরাইয়ে দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেছে ইপিআই টিকা কেন্দ্র

মিরসরাই প্রতিনিধি :

মিরসরাই উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে একটি ইপিআই টিকাকেন্দ্র। শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে পূর্ব দুর্গাপুর গ্রামের মরহুম মকছুদ আহমদ ডিলার বাড়ির টিকাকেন্দ্রে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মকছুদ আহমদ ডিলারের মেঝ ছেলে আবুল হাসিম জানান, প্রায় ৩০ বছর ধরে তাদের বাড়ির সামনের টিনশেডের একটি কাঁচারি ঘরে সরকারি ইপিআই টিকাকেন্দ্রটি পরিচালিত হচ্ছিল। ঘরটিতে বিদ্যুৎ সংযোগ ছিল না এবং সেখানে কেউ বসবাস করত না—শুধু টিকাকেন্দ্র হিসেবেই ব্যবহৃত হতো।

তিনি আরও বলেন, “শনিবার গভীর রাতে শত্রুতাবশত কেউ ঘরটিতে আগুন লাগিয়েছে বলে আমাদের ধারণা। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া দেখে পাশের বাড়ির লোকজন আমাদের খবর দেয়। আমরা বাইরে এসে দেখি পুরো ঘর দাউদাউ করে জ্বলছে। আগুন নেভাতে গিয়ে আমি এবং আমার ভাতিজা আরাফাতসহ কয়েকজন আহত হয়েছি।”

অগ্নিকাণ্ডে টিকাকেন্দ্রে থাকা দুইটি চেয়ার, একটি টেবিল, একটি খাটসহ আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। ঘটনার বিষয়ে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে মৌখিকভাবে অবহিত করেছেন এবং জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই কর্মকর্তা কবির হোসেন বলেন, “আগুনে টিকাকেন্দ্রের চেয়ার, টেবিল ও কাগজপত্র পুড়ে যাওয়ার বিষয়টি স্বাস্থ্যকর্মীর কাছ থেকে জেনেছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম আবদুল হালিম বলেন, “টিকাকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত