চট্টগ্রাম নগরীর ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের জনবহুল খালপাড় এলাকায় বায়তুল মামুর জামে মসজিদ, কবরস্থান ও আবাসিক এলাকার সামনের চলাচলের রাস্তা বর্জ্যের ডাস্টবিনে পরিণত করার প্রতিবাদে মানববন্ধন করেছেন গ্রীন সিটি হাউজিং সোসাইটি, স্থানীয় বাসিন্দা ও মুসল্লিরা। চসিকের স্পষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে রসুলবাগ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ওই স্থানে বর্জ্য ফেলার ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
২৬ নভেম্বর (বুধবার) বিকেল চারটায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন একর্ড গ্রীন ভিলেজ ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এরশাদ উল্লাহ, প্রফেসর নূরুল্লাহ, মোহাম্মদ আলম খান, ইসমাইল জসীম, নাজিমুদ্দিন, ইসমাইল ইমন, সাইফুল ইসলাম, আজিজুল হক, ছমদুল করিম ভুট্টো, সালমান ফারসি, সালাউদ্দিন চৌধুরী, চৈতি বড়ুয়া প্রমুখ।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় নারী, শিশু ও বসবাসকারীরা অভিযোগ করে বলেন, “বর্জ্যের স্তূপের দুর্গন্ধে স্কুলে যাওয়া-আসার সময় অসুস্থ হয়ে পড়ছি। কুকুরের উৎপাতে আতঙ্কে থাকতে হচ্ছে। আমরা সুস্থভাবে বাঁচতে চাই—আমাদের স্বাভাবিকভাবে বাঁচতে দিন।”
তারা আরও জানান, বয়স্ক ও অসুস্থ রোগীদের হাসপাতালে যাতায়াতে ভোগান্তি বাড়ছে। বর্জ্যে খাল ভরাট হয়ে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। মসজিদ ও কবরস্থানের পবিত্রতাও নষ্ট হচ্ছে। মুসল্লিদের নামাজে যাওয়ার পথও বাধাগ্রস্ত হচ্ছে।
বক্তারা অভিযোগ করেন, “মসজিদ ও কবরস্থানের পাশে, বাসাবাড়ির সামনে এবং চলাচলের রাস্তায় বর্জ্যের স্তুপ করা কোন সভ্য সমাজের ব্যক্তি বা সংগঠনের কাজ হতে পারে না।”
মানববন্ধনে বক্তারা দ্রুত সমস্যার স্থায়ী সমাধান এবং এ অমানবিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে চসিক মেয়র ও পরিবেশবাদী সংগঠনগুলোর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।


