মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) তাদের ফ্ল্যাগশিপ ইভেন্ট রোবোলিউশন ২০২৫ এবং ৪র্থ আইইইই আন্তর্জাতিক সম্মেলন রোবোটিক্স, অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ইন্টারনেট অব থিংস (রেইকন) উদ্বোধন করেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুটি ইভেন্টের উদ্বোধন ঘোষণা করেন।
বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্ভাবনী তরুণ শিক্ষার্থীরা অনুষ্ঠানে রোবোটিক্স উদ্ভাবন ও প্রযুক্তিগত সক্ষমতা প্রদর্শন করে। এমআইএসটি রোবোটিক্স ক্লাবের আয়োজনে রোবোলিউশন ২০২৫ জাতীয় পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, যেখানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন নানা রোবোটিক্স প্রতিযোগিতায়। একই সময়ে চলমান আইইইই রেইকন সম্মেলনে প্রযুক্তি উদ্ভাবন, গবেষণা ও শিল্পক্ষেত্রের সাম্প্রতিক অগ্রগতির উপর বিভিন্ন সেশন ও কী-নোট বক্তৃতা অনুষ্ঠিত হয়।
রোবোলিউশন ২০২৫-এর কার্যক্রম শুরু হয় রেজিস্ট্রেশন ও কিট বিতরণের মাধ্যমে। পরে শহীদ ইয়ামিন অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার মধ্যে ছিল—ব্যাটল অব বটস, লাইন ফলোয়িং রেস, সকার বট, কসমো ক্লেঞ্চ, ভ্যালোরান্ট গেমিং কম্পিটিশন, ভিএলএসআই ডিজাইন এবং অর্ডুইনো কোড চ্যালেঞ্জ—যা এমআইএসটির বিভিন্ন স্থান জুড়ে অনুষ্ঠিত হয়। এসব প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের প্রযুক্তিগত দক্ষতা মূল্যায়ন ও সহযোগিতামূলক উদ্ভাবনকে উৎসাহিত করা।
আইইইই রেইকন সম্মেলনের সেশনগুলো রোবোলিউশনের প্রতিযোগিতার সঙ্গে সমন্বিতভাবে পরিচালিত হয়। রোবোটিক্স, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আইওটি বিষয়ক গবেষণা উপস্থাপনা এবং বিশেষজ্ঞ বক্তৃতায় অংশ নেন দেশি-বিদেশি গবেষক ও পেশাজীবীরা। এমআইএসটি রোবোটিক্স ক্লাব এবং আইইইই বাংলাদেশের যৌথ আয়োজনে এই দু’টি আয়োজন একাডেমিক অঙ্গন ও প্রযুক্তি পেশাজীবীদের জন্য উদ্ভাবন ও জ্ঞানবিনিময়ের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখছে।


