মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
Single Top Banner

বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম প্রেস ক্লাবে মহান বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক :

বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে আলোচনা সভা, আবৃত্তি, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করে ক্লাব কর্তৃপক্ষ।

এ উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিয়া মো. আরিফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর। প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক মইনুদ্দিন কাদেরী শওকত এবং ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য ও এনটিভির ব্যুরো প্রধান শামসুল হক হায়দরী।

এছাড়া বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি মুস্তফা নঈম, অর্থ সম্পাদক আবুল হাসনাত, কার্যকরী সদস্য ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, কার্যকরী সদস্য সাইফুল ইসলাম শিল্পী ও আরিচ আহমেদ শাহ, চ্যানেল ওয়ানের ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটন, গ্রীন টিভির সিইও ওয়াহিদ জামান, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহসহ অন্যান্য অতিথিরা।

বক্তারা বলেন, যেকোনো জাতির জীবনে স্বাধীনতা ও বিজয় দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের রয়েছে দীর্ঘ ও গৌরবময় ইতিহাস। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর নয় মাসের সশস্ত্র রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে জাতি অর্জন করে চূড়ান্ত বিজয়। এই বিজয়ের মধ্য দিয়ে আমরা পেয়েছি একটি সার্বভৌম রাষ্ট্র ও লাল-সবুজের পতাকা।

বক্তারা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে গণতন্ত্রের নতুন পথযাত্রা শুরু হয়েছে। মহান বিজয় দিবসে সকলের শপথ হোক—গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধ থাকার।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত