মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন জনসাধারণের জন্য দুটি জাহাজ উন্মুক্ত করেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এ উপলক্ষ্যে প্রতিবছর দিবসটি যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের অধিনস্থ দুটি জাহাজ—‘বিসিজিএস অপূর্ব বাংলা’ এবং ‘বিসিজিএস তাজউদ্দীন’—দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। এসময় দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জাহাজ দুটি পরিদর্শন করেন এবং কোস্ট গার্ডের সক্ষমতা, আধুনিকায়ন কার্যক্রম ও সমুদ্র নিরাপত্তায় তাদের ভূমিকা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন।
পরিদর্শনকালে জাহাজে দায়িত্ব পালনরত কোস্ট গার্ড সদস্যরা আগত দর্শনার্থীদের সার্বিক সহায়তা প্রদান করেন এবং জাহাজের সক্ষমতা ও অপারেশনাল কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও দেশ ও জনগণের সেবায় অটল থাকবে।


