বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ফুলে-রঙে, আলো-আয়োজনে নতুন রূপে ডিসি পার্ক

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সলিমপুর মৌজার সাগরপাড়ে ১৯৪ একর জায়গাজুড়ে গড়ে ওঠা ডিসি পার্ক এবার ধারণ করেছে এক মনোমুগ্ধকর ও বর্ণিল রূপ। নান্দনিক সাজসজ্জা আর রঙিন ফুলের সমারোহে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হয়েছে চতুর্থবারের মতো দেশের বৃহত্তম ফুল উৎসব— “চট্টগ্রাম ফুল উৎসব ২০২৬”।

মাসব্যাপী এ উৎসবে দেশি-বিদেশি প্রায় ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুলে সেজেছে পুরো পার্ক। ফুলের বাহারে নতুন মাত্রা যোগ করতে এবার যুক্ত হয়েছে একাধিক নতুন আকর্ষণ। এর মধ্যে রয়েছে জিপ লাইন, ক্লাইম্বিং ট্রি, ট্রি হার্ট, বিগ ফ্লাওয়ার ট্রি, আমব্রেলা ট্রি ও ফ্লাওয়ার টি—যা দর্শনার্থীদের বাড়তি আনন্দ দেবে বলে আশা আয়োজকদের।

ফুলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত থাকছে বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও মাসব্যাপী আয়োজনের অংশ হিসেবে থাকছে গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেইম, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচ এবং মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল।

বিশেষ আকর্ষণ হিসেবে এবারের ফুল উৎসবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬–এর প্রচারণার জন্য একটি আলাদা স্টলও থাকছে।

আগামী শুক্রবার (৯ জানুয়ারি) থেকে শুরু হওয়া এ ফুল উৎসব চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, সিএমপির পুলিশ কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ এবং চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। ফুল, সংস্কৃতি ও বিনোদনের সম্মিলনে এ আয়োজন চট্টগ্রামবাসীর জন্য এক অনন্য উৎসবে পরিণত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত