চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত সিএনজি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান।
তিনি জানান, শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়নি এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
আটককৃত সিএনজি চালকের নাম মোহাম্মদ হাসান। তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, অভিযুক্তকে তার নিজ বাড়ির আশপাশ এলাকা থেকে আটক করা হয়েছে। তবে এখনো মামলা না হওয়ায় দ্রুত আদালতে সোপর্দ এবং প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়েরের দাবি জানান তিনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়েছিল এবং বর্তমানে অভিযুক্ত ব্যক্তি থানায় আটক রয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (১৪ এপ্রিল) জিরো পয়েন্ট থেকে ১ নম্বর গেইটের পথে চলাচলের সময় নির্ধারিত ৭ টাকার পরিবর্তে ১০ টাকা ভাড়া দাবি করেন ওই সিএনজি চালক। অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করলে শিক্ষার্থী মেহেদী হাসানের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে চালক তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন।


