শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Single Top Banner

শাহ আমানত বিমানবন্দরে প্রবাসীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স, ১০০ টাকায় ব্যাগেজ র‍্যাপিং

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এ প্রবাসীদের জন্য চালু হয়েছে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস ও সাশ্রয়ী ব্যাগেজ র‍্যাপিং সুবিধা।

সোমবার বিমানবন্দরের টার্মিনাল ভবনের সম্মেলন কক্ষে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আয়োজিত এক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিমানবন্দর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর এ তথ্য জানান। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের মহাপরিচালক ও সরকারের যুগ্ম সচিব ড. এটিএম মাহবুব-উল-করিম।

প্রধান অতিথি জানান, বিদেশফেরত অসুস্থ প্রবাসী বা মৃত প্রবাসীর মরদেহ পরিবারের কাছে পৌঁছে দিতে বিমানবন্দর এলাকায় সার্বক্ষণিক ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান করা হবে। পাশাপাশি প্রবাসী কার্ডধারী (ওয়েজ আর্নার) যাত্রীদের জন্য মাত্র ১০০ টাকায় ব্যাগেজ র‍্যাপিং সুবিধা চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারকারী যাত্রীদের প্রায় ৭৩ শতাংশই প্রবাসী শ্রমিক। তাদের সেবার মান উন্নয়নে ইতোমধ্যে বেশ কিছু আধুনিক সুবিধা চালু করা হয়েছে। এর মধ্যে রয়েছে নিরবিচ্ছিন্ন ফ্রি ওয়াই-ফাই (মোবাইল সিমলেস সেবা), মোবাইল রিচার্জিং স্টেশন সম্প্রসারণ, ফ্রি টেলিফোন বুথ, নামাজ ঘর, ব্রেস্ট ফিডিং কর্ণার এবং শিশুদের জন্য প্রয়োজনীয় সুবিধা।

এছাড়া যাত্রীদের জন্য ৭৫০টি আধুনিক লাউঞ্জ চেয়ারসহ নতুন যাত্রী লাউঞ্জ, আন্তর্জাতিক মানের স্মোকিং জোন এবং নির্মাণাধীন নতুন বোর্ডিং ব্রিজ শিগগিরই চালু করা হবে বলে জানান তিনি।

বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্য এপ্রোন এলাকায় র‍্যাম্প কার সেবা এবং সার্বক্ষণিক হেল্প ডেস্ক চালু রয়েছে। যাত্রী হয়রানি বন্ধ ও খাবারের মান নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

এছাড়া ব্র্যাক, প্রত্যাশীশামসুল হক ফাউন্ডেশন-এর মতো সংস্থার মাধ্যমে দুস্থ প্রবাসীদের সহায়তা কার্যক্রম চলমান রয়েছে।

সভায় প্রধান অতিথি বলেন, “প্রবাসীরা আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের সেবায় নিয়োজিত হওয়া কোনো দয়া নয়, এটি তাদের প্রাপ্য অধিকার। আমরা চাই এই বিমানবন্দর প্রবাসীদের জন্য আস্থার এক অনন্য ঠিকানা হয়ে উঠুক।”

সভাপতির বক্তব্যে ড. এটিএম মাহবুব-উল-করিম বলেন, প্রবাসীদের জন্য আধুনিক সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বিমানবন্দর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বদ্ধপরিকর।

অনুষ্ঠানে ইমিগ্রেশন পুলিশ সুপার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর স্টেশন ম্যানেজার, বিভিন্ন শাখার কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোর্ডের সহকারী পরিচালক (প্রবাসী কল্যাণ ডেস্ক) মোহাম্মদ আতিকুল আলম।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত