মায়ানমারে পাচারের সময় সিমেন্টবোঝাই একটি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ ১১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় বোট থেকে বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করা হয়, যার বাজারমূল্য এক কোটি টাকারও বেশি।
নৌবাহিনী সূত্র জানায়, দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত, চোরাচালান প্রতিরোধ এবং ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়নে নিয়মিত টহল কার্যক্রম চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে টহলে থাকা নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র অভিযান’ সেন্টমার্টিন দ্বীপের অদূরে অভিযান পরিচালনা করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার (১৯ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে সেন্টমার্টিন লাইটহাউজ থেকে প্রায় ১২ মাইল দূরে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোট শনাক্ত করা হয়। পরে নৌবাহিনীর জাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ‘এফবি আব্দুর রহমান-২’ নামের বোটটি আটক করে।
এ সময় বোটে তল্লাশি চালিয়ে ৮৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয় এবং পাচারের সঙ্গে জড়িত ১১ জনকে আটক করা হয়। জব্দকৃত বোট ও সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫১ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
নৌবাহিনী জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী জানায়, দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা, অবৈধ পাচার প্রতিরোধ এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


