মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী শামসুজ্জামান হেলালী

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর নাম চূড়ান্ত করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী। তিনি জানান, দলের নগর শাখার সদস্যদের মতামতের ভিত্তিতেই শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে তিনি জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

দলীয় সূত্রে জানা যায়, শামসুজ্জামান হেলালী চট্টগ্রাম সিটি করপোরেশনের ষোলশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসন থেকে জামায়াতের প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। স্নাতকোত্তর সম্পন্ন করা হেলালী একসময় শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন, বর্তমানে তিনি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।

এর আগে মেয়র প্রার্থী হিসেবে ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েমের নাম আলোচনায় ছিল। তার পরিচ্ছন্ন ভাবমূর্তি ও তরুণ নেতৃত্বকে সামনে রেখে দলীয়ভাবে তাকে প্রার্থী করার বিষয়ে আলোচনা চলছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে শেষ পর্যন্ত শামসুজ্জামান হেলালীর নামই চূড়ান্ত করা হয়।

জানা যায়, সোমবার সন্ধ্যা ৬টা থেকে নগর জামায়াতের শূরা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নগর জামায়াতের আমির নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনের সঞ্চালনায় কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ উল্লাহসহ নগর ও কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকেই প্রার্থী চূড়ান্ত করা হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত