শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Single Top Banner

খাতুনগঞ্জে নিত্যপণ্যের কৃত্রিম সংকট রোধে কোস্ট গার্ডের যৌথ অভিযান

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের খাতুনগঞ্জে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকট নিরসনে যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (২০ এপ্রিল) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, খাতুনগঞ্জ এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী ভোজ্য তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে একাধিক প্রতিষ্ঠানে দ্রব্যমূল্যের অতিরিক্ত দাম আদায়, মূল্যতালিকা হালনাগাদ না রাখা, খাদ্যদ্রব্যের সঙ্গে অবৈধ কেমিক্যাল সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ এবং খোলা বোতলে ভোজ্য তেলে মাপে কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়।

এ সময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের বিভাগীয় উপ-পরিচালকের উপস্থিতিতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাদের সতর্ক করা হয়। আদায়কৃত জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও জানান, জনস্বার্থে ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকট প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত