আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ সামনে রেখে শিক্ষার্থীদের প্রস্তুতি জোরদার করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগকে ক্রীড়া সামগ্রী প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
ক্রীড়া সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।
অনুষ্ঠানে উপাচার্য উপস্থিত ক্রীড়াবিদদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি ক্রীড়া চর্চা অব্যাহত রাখা জরুরি। খেলাধুলা যেমন শারীরিক সুস্থতা নিশ্চিত করে, তেমনি মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মো. আনোয়ার হোসেন, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, এজিএস আইয়ুবুর রহমান তৌফিক, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন, সহ-ক্রীড়া সম্পাদক তামান্না মাহবুব প্রীতি, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. হাবিবুর রহমান জালাল, শিক্ষকবৃন্দ, ক্রীড়াবিদ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রদত্ত ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিল ফুটবল, ক্রিকেট, হকি, ভলিবল, বাস্কেটবল, হ্যান্ডবল ও অ্যাথলেটিক্স দলের প্রয়োজনীয় উপকরণ।


