দেখতে দেখতে আন্তর্জাতিক ক্রিকেটে ১১ বছর পার করলেন মোস্তাফিজুর রহমান। ২০১৫ সালের ২৪ এপ্রিল লাল-সবুজের জার্সিতে তার যাত্রা শুরু হয়েছিল, যা সময়ের সঙ্গে হয়ে উঠেছে গৌরবময় এক অধ্যায়।
২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এই বাঁহাতি পেসারের। এরপরের পথচলায় ছিল উত্থান-পতন, চোট-আঘাত—তবুও নিজের সামর্থ্য আর দক্ষতায় বিশ্ব ক্রিকেটে জায়গা ধরে রেখেছেন তিনি।
সাম্প্রতিক নিউজিল্যান্ড সিরিজেও নিজের ঝলক দেখিয়েছেন মোস্তাফিজ। মাত্র এক ম্যাচে মাঠে নেমেই ৪৩ রানে ৫ উইকেট শিকার করেন তিনি, যা ওয়ানডেতে তার ষষ্ঠবারের মতো পাঁচ উইকেট নেওয়ার কীর্তি। অভিষেকের পর থেকে (২০১৫) এখন পর্যন্ত ওয়ানডেতে আর কোনো বোলার এতবার ৫ উইকেট নিতে পারেননি।
টি-টোয়েন্টি ফরম্যাটেও তিনি বিশ্বের অন্যতম সেরা বোলার হিসেবে বিবেচিত। এই ফরম্যাটে সবচেয়ে বেশি ডট বল করার রেকর্ড তার দখলে রয়েছে, পাশাপাশি সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায়ও আছেন শীর্ষে। এখন পর্যন্ত ১২৬ টি-টোয়েন্টিতে নিয়েছেন ১৫৮ উইকেট। এছাড়া ১২০ ওয়ানডেতে ১৮৭ এবং ১৫ টেস্টে তার সংগ্রহ ৩১ উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও নিয়মিত খেলে যাচ্ছেন মোস্তাফিজ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি, লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং কাউন্টি ক্রিকেটেও রয়েছে তার অভিজ্ঞতা—যেখানে তার চাহিদা সবসময়ই তুঙ্গে।
১১ বছরের এই দীর্ঘ পথচলা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন মোস্তাফিজ। ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেছেন,
“আলহামদুলিল্লাহ! গর্বের সাথে এই জার্সি পরে ১১ বছরের পথচলা। এটা ছিল ত্যাগ, আত্মোন্নয়ন আর অসংখ্য স্মরণীয় মুহূর্তে ভরা এক যাত্রা। সবাই আমার জন্য দোয়া করবেন—যেন দেশের জন্য সর্বোচ্চটা দিতে পারি এবং আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারি।”
সব মিলিয়ে, ভাঙা-গড়ার এই খেলায় নিজের স্বকীয়তা দিয়ে টিকে থাকা মোস্তাফিজুর রহমান এখনো বিশ্ব ক্রিকেটে এক বিস্ময়ের নাম। সামনে তার ক্যারিয়ার আরও সমৃদ্ধ হোক—এটাই প্রত্যাশা ক্রিকেটভক্তদের।


