বাংলা ট্রিবিউনের চট্টগ্রাম অফিসের স্টাফ রিপোর্টার সাংবাদিক মো. নাসির উদ্দিন রকির পিতা, সমাজসেবক ও ধর্মপ্রাণ ব্যক্তি আলহাজ্ব মো. দুদু মিয়া (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি নানা জটিল রোগে ভুগছিলেন।
মরহুমের জানাজা নামাজ বাদে আসর রাউজান উপজেলার পাহাড়তলী শেখপাড়া পরীজান প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে আলহাজ্ব মো. দুদু মিয়া ছয় ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
জীবদ্দশায় তিনি ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ ও পরোপকারী একজন মানুষ। নিজ উদ্যোগে একাধিক মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এলাকার ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে তার অবদান স্থানীয়দের কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।
তার ইন্তেকালে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
আলহাজ্ব মো. দুদু মিয়ার মৃত্যুতে রাউজানসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাকে শেষবারের মতো দেখতে জানাজাস্থলে মানুষের ঢল নামে।


