দীর্ঘ কারাবাসের পর যেন নতুন এক জীবন নিয়ে ফিরেছেন একসময়ের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান।
রাজনৈতিক পট পরিবর্তনের পর ২০২৪ সালের আগস্টে একটি মামলায় জড়িয়ে পড়েন এই অভিনেতা। পরে ২০২৫ সালের ২৯ এপ্রিল গ্রেপ্তার হন তিনি। প্রায় ১০ মাস ২২ দিন কারাগারে থাকার পর চলতি বছরের ১৮ মার্চ মুক্তি পান বলে জানিয়েছেন সিদ্দিক নিজেই।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের জেলজীবন এবং ভেতরের আমূল পরিবর্তনের গল্প তুলে ধরেন তিনি।
সাক্ষাৎকারে সিদ্দিক বলেন, কারাগারে প্রচুর চিন্তা করার সময় পাওয়া যায়। আগে দ্বীনের কাজে তেমনভাবে যুক্ত ছিলেন না, তবে সেখানে নিয়মিত কুরআন তিলাওয়াত ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করেন। তার ভাষায়, আল্লাহই তাকে ভেতর থেকে বদলে দিয়েছেন।
তিনি আরও জানান, কারাগারের দেয়ালে লেখা ‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’—এই স্লোগান তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। কারা কর্তৃপক্ষ তাকে নিরাপদে রেখেছে এবং তিনি নিজেই নিজের আলোর পথ খুঁজে নিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
বন্দি থাকা অবস্থায়ও থেমে থাকেননি তার সৃজনশীলতা। জেলে বসেই তিনি ১৫টি নাটক ও তিনটি চলচ্চিত্রের গল্প লিখেছেন। পাশাপাশি নিজের জীবন ও কারাজীবনের অভিজ্ঞতা নিয়ে একটি বইও লিখেছেন।
তবে মুক্তি পেলেও এখনো কারাজীবনের মানসিক চাপ পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি এই অভিনেতা। তিনি জানান, শারীরিক ও মানসিকভাবে এখনো সেই নিয়মের মধ্যেই নিজেকে আবিষ্কার করেন। আপাতত পরিবারকে সময় দিচ্ছেন তিনি।


