২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত কথিত গণহত্যার বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।
শনিবার (২ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, ওইদিন শাপলা চত্বরে হেফাজতের লাখো মানুষের জমায়েতের ওপর তৎকালীন সরকারের পরিকল্পিত নৃশংস হামলায় অগণিত ধর্মপ্রাণ মানুষ নিহত হন এবং হাজার হাজার আলেম, হাফেজ ও সাধারণ মুসল্লি আহত ও পঙ্গুত্ব বরণ করেন।
নেতারা ৫ মের শহীদদের স্মরণে সারা দেশে দোয়া ও আলোচনাসভা আয়োজনের জন্য হেফাজতের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে আহ্বান জানান।
বিবৃতিতে আরও বলা হয়, ৫ মের ঘটনার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৪ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হেফাজতের পক্ষ থেকে করা মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। তারা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের জোর দাবি জানান।
হেফাজত নেতারা দাবি করেন, ২০১৩ সালে এ ঘটনার প্রতিবাদে সবাই সোচ্চার হলে পরবর্তীতে আরও সহিংস ঘটনার পুনরাবৃত্তি ঘটতো না। তারা তৎকালীন রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা, ইসলামবিদ্বেষী গোষ্ঠীর উসকানি এবং সুশীল সমাজের একাংশের নীরবতাকে ফ্যাসিবাদের উত্থানের কারণ হিসেবে উল্লেখ করেন।
এছাড়া তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শাপলা চত্বরে গড়ে ওঠা আন্দোলনের চেতনা ধরে রাখা প্রয়োজন। একই সঙ্গে বর্তমান সরকার জনগণের মানবিক মর্যাদা, নিরাপত্তা ও ধর্মীয় অনুভূতি রক্ষায় ব্যর্থ হলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলেও সতর্ক করেন তারা।


