“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই স্লোগানকে সামনে রেখে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার সারা দেশের ন্যায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি নতুন কুঁড়ি স্পোর্টস’র উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম প্রান্তে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করাই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র মূল উদ্দেশ্য। ভবিষ্যত প্রজন্মকে সুস্থ, সুন্দর, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে খেলাধুলার ভূমিকা অপরিসীম।একইসাথে দলগত চেতনা, নেতৃত্ব ও শৃঙ্খলাবোধ বৃদ্ধিতেও খেলাধুলা সহায়তা করে।
চট্টগ্রাম প্রান্তে উপস্থিত ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী দেশের তৃণমূল পর্যায়ে খেলাধুলার সুযোগ সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন, যারই অংশ হিসেবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তুলবে এবং একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সংশ্লিষ্ট সকলকে এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে একযোগে কাজ করার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম প্রান্তে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডা: শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহসহ বিভিন্ন স্তরের সরকারি বেসরকারি কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


