জেলা প্রশাসকদের (ডিসি) সততা, মেধা ও দক্ষতার ভিত্তিতে পদায়ন ও বদলির নীতি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনপ্রশাসনের প্রতিটি পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ—তাই দায়িত্ব পালনে সবসময় প্রস্তুত থাকতে হবে।
রোববার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার যেমন স্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদও স্থায়ী নয়। তাই কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনের জন্য ডিসিদের প্রস্তুত থাকার নির্দেশও দেন তিনি।
দেশে দারিদ্র্য ও বেকারত্ব বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জনগণের দুর্ভোগ না বাড়িয়ে সরকার সমস্যার সমাধানে কাজ করছে।
ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, নির্বাচনী ইশতেহার ও জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
এ সময় ডিসিদের উদ্দেশে তিনি নির্দেশ দেন, সন্ধ্যা ৭টার পর মার্কেট ও শপিংমলে বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা নিশ্চিত করতে এবং এ বিষয়ে নজরদারি জোরদার করতে।
এর আগে সকাল সোয়া ১০টার দিকে সচিবালয়ে নিজ কার্যালয় থেকে হেঁটে সম্মেলনস্থলে যান প্রধানমন্ত্রী। পথে উপস্থিত সাধারণ মানুষের শুভেচ্ছার জবাব দেন তিনি।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সম্মেলনের প্রথম দিনে প্রধানমন্ত্রীর কার্যালয় ও সংশ্লিষ্ট সংস্থা, স্বাস্থ্য, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং আইন মন্ত্রণালয় নিয়ে আলোচনা হয়েছে। দিনশেষে ডিসিরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সোমবার (৪ মে) দ্বিতীয় দিনে অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম নিয়ে আলোচনা হবে। একই দিনে জাতীয় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন ডিসিরা।
মঙ্গলবার (৫ মে) তৃতীয় দিনে সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। এদিন সুপ্রিম কোর্ট ভবনে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জেলা প্রশাসকরা।
বুধবার (৬ মে) সম্মেলনের শেষ দিনে স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। একই রাতে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত হবে, যেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজে অংশ নেবেন কর্মকর্তারা।


