মঙ্গলবার, ১২ মে ২০২৬
Single Top Banner

দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ৮ শ্রমিক নিহত, আহত ৮

নিজস্ব প্রতিবেদক :

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আটজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও আটজন। আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৩ মে) সকালে উপজেলার তেলিবাজার এলাকায় কাঁঠালবোঝাই একটি ট্রাক ও শ্রমিকবাহী ডিআই পিকআপের মধ্যে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শ্রমিকরা পিকআপে করে সুনামগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা কাঁঠালবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়।

নিহতদের বেশির ভাগের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে। তারা সিলেট শহর থেকে বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের কাজে যাচ্ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, দুর্ঘটনার পরপরই ট্রাক ও পিকআপের চালক পালিয়ে যান। তবে ট্রাকের হেল্পারকে আটক করা হয়েছে।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— সিলেটের জালালাবাদ থানার সুজাত আলীর ছেলে বদরুল (৩০), সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত খরম আলীর ছেলে মো. সুরুজ আলী (৬০), একই গ্রামের আব্দুল বাসিরের মেয়ে মোছা. মুন্নি (৩৫) এবং নূর সালামের ছেলে ফরিদুল (৩৫)।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত