চট্টগ্রাম নগরের আগ্রাবাদ কর্ণফুলী মার্কেট এলাকায় রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ৩০টি অবৈধ দোকান ও ভ্যানগাড়ি উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধে ৫ জনকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার জেলা তথ্য অফিস সংলগ্ন সড়ক ও ফুটপাতে এ অভিযান পরিচালনা করেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
চসিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে রাস্তা ও ফুটপাত দখল করে দোকান ও ভ্যানগাড়ি বসানোর কারণে পথচারী ও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। এ অবস্থায় জনভোগান্তি কমাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়।
অভিযানে প্রায় ৩০টি অবৈধ দোকান ও ভ্যানগাড়ি উচ্ছেদ করে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়। এছাড়া অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টি করার অভিযোগে ৫ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
চসিকের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


