প্রশাসনিক ও রাজনৈতিক চাপ কমিয়ে সরকারি কার্যক্রমে আরও গতি আনতে মন্ত্রিসভার আকার বাড়ানোর পরিকল্পনা করছে বিএনপি সরকার। সম্ভাব্য এ সম্প্রসারণে আঞ্চলিক ভারসাম্য রক্ষার পাশাপাশি চট্টগ্রাম অঞ্চলকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে একাধিক সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নতুন করে পাঁচ থেকে ছয়জনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার বিষয়ে পর্যালোচনা চলছে। এর মধ্যে অন্তত তিন থেকে চারজন সরাসরি মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন।
এক্ষেত্রে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহর নাম বেশ জোরালোভাবে আলোচনায় রয়েছে। রাজনৈতিক ও প্রশাসনিক পর্যায়ে তার সম্ভাব্য অন্তর্ভুক্তি নিয়ে ইতোমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টদের মতে, চট্টগ্রাম থেকে তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলে বন্দরনগরী ও বৃহত্তর চট্টগ্রামের রাজনৈতিক গুরুত্ব আরও বাড়বে।
তবে এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, “এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।”
সূত্রগুলো আরও জানায়, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, প্রশাসনিক কার্যক্রমে গতি বৃদ্ধি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের চাপ কমানোর লক্ষ্যেই এ সম্প্রসারণ পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বর্তমানে বিএনপি সরকারের মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী, ২৪ জন প্রতিমন্ত্রী এবং ১০ জন উপদেষ্টা দায়িত্ব পালন করছেন। সম্ভাব্য নতুন অন্তর্ভুক্তির মাধ্যমে সরকারের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


