মঙ্গলবার, ১২ মে ২০২৬
Single Top Banner

জঙ্গল সলিমপুরে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবারিদের ঠাঁই হবে না : এসপি মাসুদ আলম

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অবস্থিত এসএম পাইলট উচ্চ বিদ্যালয় এবং আলীনগর অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন।

শুক্রবার (৮ মে) অনুষ্ঠিত এ পরিদর্শনে তিনি ক্যাম্পে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের আবাসন ও পেশাগত বিভিন্ন সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এসময় পুলিশ সুপার জঙ্গল সলিমপুর এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রাত্রীকালীন টহল ও তল্লাশি চেকপোস্টে সর্বোচ্চ সতর্কতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের কঠোর নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে তিনি স্থানীয় জনসাধারণের সঙ্গেও মতবিনিময় করেন এবং অপরাধ দমনে নির্ভয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান জানান।

পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, “জঙ্গল সলিমপুরে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবারিদের কোনো ঠাঁই হবে না। এরা সমাজের ক্যান্সার। অপরাধীদের জন্য চট্টগ্রাম জেলা পুলিশ হবে এক মূর্তিমান বিভীষিকা। জিরো টলারেন্স নীতিতে এদের সমূলে উৎপাটন করা হবে।”

তিনি আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বদা নিবেদিত রয়েছে।

পরিদর্শনের একপর্যায়ে এসএম পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান পুলিশ সুপার। এসময় তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে মাদকমুক্ত ও আলোকিত জীবন গড়ার আহ্বান জানান।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে উপস্থিত সকলের প্রতি সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত