কক্সবাজারের ঈদগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অপর তিনজন আহত হয়েছে।
সোমবার (১১ মে) রাত ১২ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও কলেজ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো.নুরুল আবছার (৪৫) ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড দরগাহ পাড়ার মমতাজ আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান ,রাতে একটি সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে ঈদগাঁও স্টেশনের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মো. নুরুল আবছার ও তার ছেলেসহ আরো দুই যাত্রী আহত হয়। পথচারীরা তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। অবস্থার অবনতি হলে পিতা-পুত্রকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই আবছারের মৃত্যু হয়।
আইনানুগ প্রক্রিয়া শেষে মঙ্গলবার (১২ মে) মাগরিবের পর তাকে দাফন করা হয় বলে নিশ্চিত করেন উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল কবির।তবে আহত তার ছেলেও আশান্কাজনক অবস্থায় আইসিইউতে জানান।
রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, দূর্ঘটনার গাড়ি দুটি তারা জব্দ করেছেন। পরে আহতদের মধ্যে একজনের হাসপাতালে মৃত্যু হয়েছে লোকমুখে শুনলেও অফিসিয়ালি এখনো তাকে কেউ অবহিত করেনি।তাই তিনি মৃত্যুর ঘটনা নিশ্চিত করতে পারছেননা।


