বুধবার, ১৩ মে ২০২৬
Single Top Banner

সংযোগ সড়ক নির্মাণ না করায়

ঈদগাঁওয়ে  ১৩ কোটি টাকা ব্যায়ে নির্মিত সেতু পাঁচ বছর ধরে অকেজো

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের ঈদগাঁও খালের উপর প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি নির্মাণ কাজ শেষের পাঁচ বছর পরও  উভয় পাশের সংযোগ সড়কের অভাবে সেতুটি অকেজো অবস্থায় পড়ে আছে।  যার কারণে ওই সড়ক দিয়ে চলাচলকারী জনসাধারণকে মই বেয়ে চরম ঝুঁকিতে সেতুতে উঠানামা করতে হচ্ছে।

সূত্রে জানা যায়, ঈদগাঁও উপজেলার সাথে রামু উপজেলার পাহাড়ী জনপদ  ঈদগড়ের সংযোগ সড়কটির  সেতুটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৯০ মিটার দৈর্ঘ্য ও ১৩ মিটার প্রস্থের সেতুটি প্রায় ১৩ কোটি টাকা ব্যায়ে   ঈদগাঁও উপজেলার গজালিয়া এলাকার ঈদগাঁও খালের উপর নির্মিত হয়েছে। বিগত পাঁচ বছর পূর্বে সেতুর নির্মাণ কাজ শেষ হলেও উভয় পাশের সংযোগ সড়কের নির্মাণ কাজ শেষ না করায় সেতুটি পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে অদ্যাবধি।

স্থানীয়রা ক্ষোভের সাথে জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও ঠিকাদারের স্বেচ্ছাচারিতার কারণে সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার পাঁচ বছর পরও চালু হয়নি। এ সেতুটি চালু হলে পাহাড়ি জনপদ ঈদগড়,বাইশারি ও গর্জনিয়ার সাথে ঈদগাঁও উপজেলার যোগাযোগ ব্যবস্থায় আমুল পরিবর্তন আসবে। বিকল্প এ সড়ক পথে যোগাযোগ শুরু হলে পূর্বের সড়ক পথে অব্যাহত ডাকাতি ও অপহরণ অনেকাংশে নিয়ন্ত্রণে চলে আসবে । বিশেষ করে এলাকার কোমলমতি শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে মই বেয়ে সেতুটি পারাপার করতে হচ্ছে। দ্রুত সেতুটি সচল না হলে প্রাণহানির মত দূর্ঘটনারও আশঙ্কা প্রকাশ করেছে এলাকাবাসী।

ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান( ভারপ্রাপ্ত) নুরুল ইসলাম বলেন, “সেতুটি চালু করা জনগণের প্রাণের দাবি।  তিনি অবিলম্বে সেতুর উভয় পাশের সংযোগ সড়ক বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয় ইউপি  সদস্য জুবায়েদ উল্লাহ জুয়েল জানান, পাঁচ বছর পূর্বে সেতুটির নির্মাণ কাজ শেষ হলেও পশ্চিম পাশের সংযোগ সড়কের জায়গাটি ব্যক্তি মালিকানাধীন হওয়ায় জটিলতা সৃষ্টি হয়েছে। এছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী বিগত সরকারের পতন হলে ঠিকাদার গা ঢাকা দেয়। যার ফলে সেতুটির সংযোগ সড়ক নির্মাণ কাজ চরম অনিশ্চয়তায় পড়ে গেছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ঈদগাঁও উপজেলা প্রকৌশলী আল মুইন শাহরিয়ার এর সাথে এ বিষয়ে যোগাযোগ করা হলে জানান, সেতুর উভয় পাশের সংযোগ সড়কের কাজ যথাসময়ে সম্পন্ন না করায় আইনানুগ প্রক্রিয়ায় পূর্বের টেন্ডার বাতিল করে অবশিষ্ট কাজের নতুন টেন্ডার  আহবানের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। এ প্রক্রিয়া সম্পন্ন হলেই এলাকাবাসীর সহযোগিতায় সংযোগ সড়কের কাজ দ্রুত শুরু হবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত