শনিবার, ১৬ মে ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক :

নিষিদ্ধ ঘোষিত স্বৈরাচারী দল আওয়ামী লীগের যেকোনো ধরনের রাজনৈতিক অপতৎপরতা ও পুনর্বাসনের চেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৫ মে (শুক্রবার) বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংহতি জানান যুবশক্তি, ছাত্রশক্তি ও শ্রমিকশক্তি।

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র নবনির্বাচিত আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইবের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সদস্য সচিব আরিফ মঈনুদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন এনসিপি এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—সিনিয়র যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন ও হুজ্জাতুল্লাহ বিন ফারুক, সাংগঠনিক সম্পাদক জোবাইর হোসেন, ইঞ্জিনিয়ার শাহেদ ইকবাল চৌধুরী , ডা:এ,আর,রহমান মাবরুর ও আশরাফুল হক টিপু, যুবশক্তির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইফাদ ইব্রাহিম প্রমুখ।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় বলেন, “জানাজার মতো একটি ধর্মীয় ও সংবেদনশীল অনুষ্ঠানকে কেন্দ্র করে যেভাবে অবৈধ মেয়র ডা. শাহাদাত হোসেনের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীরা ধৃষ্টতাপূর্ণ স্লোগান দেওয়ার সাহস পেয়েছে, তা চট্টগ্রামের সচেতন ছাত্র-জনতার মনে তীব্র ক্ষোভ ও প্রশ্নের জন্ম দিয়েছে। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে কোনো খুনি, ফ্যাসিবাদী ও নিষিদ্ধ সংগঠনের রাজনীতি করার অধিকার নেই। আমাদের মনে প্রশ্ন জাগে—আওয়ামী লীগকে কোনো ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতেই কি এমন আয়োজন করা হচ্ছে? চট্টগ্রামের মাটিতে আওয়ামী লীগকে কোনো ধরনের রাজনৈতিক সুবিধা দেওয়া বা পুনর্বাসনের যেকোনো সুপ্ত চেষ্টা আমরা কঠোরভাবে প্রতিহত করব।”

নেতৃবৃন্দ আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “চট্টগ্রামের মাটিতে আওয়ামী লীগের কোনো ধরনের গোপন বা প্রকাশ্য অপতৎপরতা বরদাশত করা হবে না। তারা যদি আবার কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তবে চট্টগ্রামের সচেতন ছাত্র-জনতা ও এনসিপি’র সর্বস্তরের নেতা-কর্মীরা রাজপথেই তার দাঁতভাঙা জবাব দেবে। আগামী দিনের রাজনৈতিক পরিমণ্ডলে যেকোনো স্বৈরাচারী শক্তির পুনরুত্থান ঠেকাতে এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় রাজপথে সর্বদা সজাগ ও সক্রিয় ভূমিকা পালন করবে এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি ও শ্রমিকশক্তি।”

সমাবেশ শেষে প্রেস ক্লাব চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় নেতা-কর্মীদের স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত