শনিবার, ১৬ মে ২০২৬
Single Top Banner

চন্দনাইশে এলডিপি বিলুপ্ত ঘোষণা করলেন জসিম উদ্দিন এমপি

চন্দনাইশে ১০ হাজার নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের চন্দনাইশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে এলডিপির হাজার হাজার নেতাকর্মীর বিএনপিতে যোগদান। উপজেলার ৮টি ইউনিয়ন ও দুইটি পৌরসভা থেকে প্রায় ১০ হাজার নেতাকর্মীর বিএনপিতে আনুষ্ঠানিক যোগদানকে কেন্দ্র করে শনিবার বিকেলে চন্দনাইশ পৌরসভার বুলারতালুক এলাকায় আয়োজিত সমাবেশ কার্যত রাজনৈতিক শক্তি প্রদর্শনের রূপ নেয়। আর সেই সমাবেশ থেকেই চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ ঘোষণা দেন, আজ থেকে চন্দনাইশে এলডিপি বিলুপ্ত হয়ে গেছে।

তার এই ঘোষণার পর সমাবেশস্থলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। মুহূর্তেই স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ‘জিয়ার সৈনিক এক হও’, ‘চন্দনাইশ বিএনপির ঘাঁটি’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। বিএনপি ও এলডিপি থেকে যোগদানকারী নেতাকর্মীদের উপস্থিতিতে বুলারতালুক এলাকা জনসমুদ্রে পরিণত হয়। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এটিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক যোগদান অনুষ্ঠান হিসেবে দেখা হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে এমপি জসিম উদ্দিন আহমেদ বলেন, আজ যারা এলডিপি থেকে বিএনপিতে যোগদান করেছে, তারা নতুন কেউ নয়। তারা সবাই জাতীয়তাবাদী পরিবারের মানুষ। একসময় বিভক্ত হয়েছিল, আজ আবার ঘরে ফিরে এসেছে। আমি স্পষ্ট করে বলতে চাই, আজ থেকে চন্দনাইশে এলডিপি বিলুপ্ত হয়ে গেছে।

তিনি বলেন, একসময় বলা হয়েছিল মুরব্বি না থাকলে বিএনপি জিরো হয়ে যাবে। কিন্তু বাস্তবে আজ বিএনপির জোয়ার সৃষ্টি হয়েছে। যারা বিএনপিকে শেষ হয়ে যাওয়ার কথা বলেছিল, আজ তারাই রাজনৈতিকভাবে জিরো হয়ে গেছে।

চন্দনাইশের রাজনৈতিক বাস্তবতার কথা তুলে ধরে তিনি বলেন, চট্টগ্রাম-১৪ আসনের মাটি বিএনপির ঘাঁটি। আগামীতে চন্দনাইশের ৮০ থেকে ৯০ শতাংশ মানুষ বিএনপির পতাকাতলে আসবে। এখন আর বিভক্তির রাজনীতি চলবে না। সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও মানুষের অধিকারের রাজনীতি করবে।
দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি মাত্র তিন মাস হলো। একটি ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করতে হয়েছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ ধীরে ধীরে ঘুরে দাঁড়াবে। জনগণ তার সুফল পেতে শুরু করবে।
তিনি আরও বলেন, বিএনপি খেটে খাওয়া মানুষের দল, কৃষকের দল, সাধারণ মানুষের দল। যারা আজ যোগদান করেছেন, তারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আপনাদের ঐক্যবদ্ধ শক্তিই আগামী দিনের গণতন্ত্রকে আরও সুসংগঠিত করবে।

অনুষ্ঠানে এলডিপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। তাদের মধ্যে ছিলেন চন্দনাইশ পৌরসভা এলডিপির সিনিয়র সহসভাপতি ও হাশিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী, চন্দনাইশ পৌরসভা গণতান্ত্রিক যুবদলের সভাপতি মহিউদ্দিন, উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, চন্দনাইশ পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক আকতার উদ্দিন, উপজেলা এলডিপির সভাপতি আবু ইউসুফ, সাবেক কমিশনার নজরুল ইসলাম, কেন্দ্রীয় গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি শাহেরিয়ার ইমরান, কেন্দ্রীয় গণতান্ত্রিক শ্রমিক দলের সহসভাপতি মনজুর আলম, জসিম উদ্দিন, গণতান্ত্রিক ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাজিম উদ্দিন, মো. ইদ্রিস মেম্বারসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির অনুসারীরা বিভিন্ন দলে বিভক্ত থাকলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আবারও বিএনপির ছায়াতলে একত্রিত হচ্ছেন। এতে চন্দনাইশে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এম এ হাশেম রাজু, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সিরাজুল ইসলাম সওদাগরসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত