পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ২নং আমিরাবাদ ইউনিয়নে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। ইউনিয়নের ১ হাজার ৯০০টি পরিবারের মাঝে প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২১ মে) সকালে ২নং আমিরাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং আমিরাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শাহজাহান চৌধুরী বলেন, “পবিত্র ঈদুল আযহার আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, সে লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এই মানবিক সহায়তা অসহায় ও দুঃস্থ পরিবারগুলোর ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেবে। দেশের কোনো মানুষ যেন কষ্টে না থাকে, সরকার সেই ব্যবস্থা নিশ্চিত করছে।”
তিনি আরও বলেন, “চাল বিতরণে যেন কোনো ধরনের অনিয়ম না হয় সেদিকে কঠোর নজরদারি রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।”
সভাপতির বক্তব্যে প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, “মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরীর দিকনির্দেশনায় অত্যন্ত সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে আমিরাবাদ ইউনিয়নের প্রকৃত দুঃস্থ ও অসহায় ১ হাজার ৯০০ পরিবারের হাতে ১০ কেজি করে ভিজিএফের চাল তুলে দিতে পেরেছি। ঈদের আগে এই সহায়তা পেয়ে সাধারণ মানুষের মুখে হাসি ফুটেছে।”


