চট্টগ্রামের লোহাগাড়ায় রামিসাকে ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ মে) এশার নামাজের পর লোহাগাড়ার ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র আমিরাবাদ স্টেশন কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে আমিরাবাদ চৌধুরী প্লাজা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির অন্যতম ছাত্রনেতা তামিম মির্জার আহ্বানে এবং লোহাগাড়া উপজেলা এনসিপি নেতা ও প্রধান সমন্বয়কারী জহির উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি আমিরাবাদ স্টেশনের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা বলেন, “রামিসার ওপর যে নৃশংস নির্যাতন চালানো হয়েছে, তা কোনো সুস্থ সমাজ মেনে নিতে পারে না। অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি তথা ফাঁসি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ আর এমন জঘন্য অপরাধ করার সাহস না পায়।”
বিক্ষোভ মিছিলে স্থানীয় ছাত্র-জনতা, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। এ সময় তারা ধর্ষকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত বিচার নিশ্চিত করে অপরাধীর সর্বোচ্চ শাস্তি কার্যকরের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।


