কোনো প্রকার অনুমোদন ছাড়াই একের পর এক পাহাড় কেটে সমান করে ফেলছে একটি চক্র। সোমবার বিকেলে সরেজমিনে গিয়ে এমনই চিত্র দেখা গেলো রাঙামাটির বরকল উপজেলাধীন সুবলং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইসলামপুর বিল্লাছড়া এলাকায়। সেখানে গিয়ে কাউকে ঘটনাস্থলে না পেলেও একটি মাটি কাটার ড্রেজার পড়ে থাকতে দেখা যায়।
খোঁজ নিয়ে জানাগেছে, উক্ত ড্রেজারটি জনৈক আজগর আলী লংগদুর করল্যাছড়ি থেকে ভাড়ায় এনে ইসলামপুলের জনৈক খাদেম আলীর মেয়ের জামাই রবিউলের মাধ্যমে পাহাড়ের মাটিগুলো কেটে সমান করে ফেলা হচ্ছে।
বিগত বছরগুলোতে পাহাড় ধ্বসের পর থেকেই অত্রাঞ্চলে সরকারের সংশ্লিষ্ট্যদের অনুমোদন ছাড়া পাহাড় কাটায় নিষেধাজ্ঞা থাকলেও এই নিষেধাজ্ঞা অমান্য করে ইসলামপুরে দিনে-দুপুরে প্রকাশ্যে ড্রোজার দিয়ে পাহাড় কেটে সমান করে ফেলা হচ্ছে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে স্থানীয় জনপ্রতিনিধি জাহাঙ্গীর মেম্বার প্রতিবেদককে মুঠোফোনে বলেন, এগুলো চাষাবাদের জন্য সমান করা হচ্ছে।
অপরদিকে স্থানীয় প্রতিবেশী মঈন উদ্দিন জানান, এরা কোনো প্রকার অনুমোদন ছাড়াই দিনেদুপুরে পাহাড়গুলো কেটে সমান করে ফেলছে। কাটতে কাটতে আমার নিজের চৌহর্দিভূক্ত জমির মাটিও কেটে তারা অবৈধভাবে দখল নিয়েছে। আমি বাধা দিলেও তারা আমার কথা শুনেনি।
এদিকে, মাটি কাটার বিষয়টি স্বীকার করে স্থানীয় বাসিন্দা রবিউল মুঠোফোনে জানান, আমি জমিগুলো ১৭ বছর আগে কিনে নিয়েছি এবং স্থানীয় মেম্বার ও নেতাদের অনুমতি নিয়ে আমি মাটিগুলো কাটতেছি। এগুলো ডুবো জমি দাবি করে রবিউল বলেন, মূলত আমি চাষাবাদের জন্যই মাটি কেটে সমান করতেছি। এক প্রশ্নের জবাবে রবিউল বলেন, আমিতো একা পাহাড় কাটতেছি না! স্থানীয় বাসিন্দা ফজর আলী, খলিল ও হাবিবসহ অনেকেতো সরাসরি পাহাড় কেটে সমান জমি বানিয়েছে আমিতো একা পাহাড় কাটি নাই।


