রবিবার, ২১ জুন ২০২৬
Single Top Banner

এনসিপির অভিযোগ ‘হয়রানির নতুন অপচেষ্টা

যুক্তরাজ্যে হাসনাত আবদুল্লাহসহ চার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা 

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ চার নেতাকর্মীর বিরুদ্ধে যুক্তরাজ্যে মামলা দায়ের করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার (১৯ জুন) লন্ডনের কেমব্রিজ থানায় এ মামলা করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলম। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।
শনিবার (২০ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনসিপি ইউকে অ্যালায়েন্স।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যে অবস্থানরত আওয়ামী লীগ ও সাবেক সরকারের সমর্থকরা দীর্ঘদিন ধরে হাসনাত আবদুল্লাহ ও তার সফরসঙ্গীদের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবার তারা হাসনাত আবদুল্লাহ, এহতেশাম হক, জাকির চৌধুরী, শাহীন আলমসহ আরও কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘বেধড়ক মারধরের’ অভিযোগ এনে মামলা দায়ের করেছে।

এনসিপির দাবি, এ ধরনের অভিযোগের মাধ্যমে যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মূল্যবান সময় নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, জননিরাপত্তা এবং যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে দেশটির একটি বিশেষায়িত সংস্থা তদন্ত কার্যক্রম শুরু করেছে।

এনসিপি ইউকে অ্যালায়েন্স জানায়, হাসনাত আবদুল্লাহ যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অতীতের মতো এবারও আওয়ামী লীগের এসব উদ্যোগ ব্যর্থ হবে। অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আবদুল্লাহর আলোচিত বক্তব্য, যুক্তরাজ্যজুড়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তার মতবিনিময় এবং সহযোদ্ধাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন সময় নানা অপচেষ্টা চালানো হলেও প্রতিবারই তা ব্যর্থ হয়েছে বলে দাবি করা হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত