রবিবার, ২১ জুন ২০২৬
Single Top Banner

পাকিস্তানকে হারালো বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট :

শনিবার (২০ জুন) সাউদাম্পটনে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ নারী দল। তবে শুরুটা মোটেও ভালো হয়নি টাইগ্রেসদের। মাত্র ১৩ রান তুলতেই তিনটি উইকেট হারিয়ে চাপে পড়ে দল।

দুর্দশার সেই মুহূর্তে ইনিংস মেরামতের দায়িত্ব নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এক প্রান্ত আগলে রেখে দলের স্কোর এগিয়ে নেওয়ার চেষ্টা করেন তিনি। যদিও অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩৮ বলে ৩৬ রান করে সাজঘরে ফেরেন জ্যোতি।

টপ অর্ডারের ব্যর্থতার দিনে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন তরুণ ব্যাটার স্বর্ণা আক্তার। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৫টি চারের সাহায্যে মাত্র ২২ বলে অপরাজিত ৩৯ রান করেন তিনি। তার কার্যকর ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে বাংলাদেশ।

১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের বিপক্ষে বল হাতে দুর্দান্ত সূচনা এনে দেন মারুফা আক্তার। নতুন বলে সুইং ও গতির দারুণ সমন্বয়ে ইনিংসের প্রথম ওভারটি মেডেন করেন এই পেসার। তবে প্রথম উইকেটের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয় অষ্টম ওভার পর্যন্ত। ৪৯ রানের উদ্বোধনী জুটি ভেঙে দলকে ব্রেকথ্রু এনে দেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।

এরপর দুই প্রান্ত থেকে স্পিন আক্রমণে যান অধিনায়ক জ্যোতি। রাবেয়া খান ও সানজিদা আক্তার মেঘলার নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তুলতে হিমশিম খেতে থাকে পাকিস্তানের ব্যাটাররা। ক্রমবর্ধমান চাপের মুখে শেষ দিকে প্রয়োজনীয় রানরেট মেটাতে গিয়ে বড় শট খেলার চেষ্টা করে তারা। কিন্তু তাতে উল্টো দ্রুত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে পাকিস্তান।
স্বর্ণা আক্তারের ঝোড়ো ইনিংস এবং স্পিনারদের দুর্দান্ত নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত দারুণ এক জয় তুলে নেয় বাংলাদেশ নারী দল।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত