চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া ১ নম্বর ওয়ার্ডের সওদাগর পাড়া এলাকায় হাঙ্গর খালের ভয়াবহ ভাঙনে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বছরের পর বছর ধরে চলমান ভাঙনে প্রতিনিয়ত খালের গর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, বসতভিটা ও গুরুত্বপূর্ণ সড়ক। বর্তমানে এলাকার শতাধিক পরিবার বসতভিটা হারানোর আশঙ্কায় চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, গত ১৫ বছরে একাধিক সরকার ও জনপ্রতিনিধির কাছ থেকে বারবার আশ্বাস মিললেও ভাঙন রোধে কোনো কার্যকর ও স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতি বর্ষা মৌসুমেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে এবং নতুন নতুন এলাকা ভাঙনের কবলে পড়ে।
সরেজমিনে দেখা যায়, হাঙ্গর খালের তীব্র ভাঙনে সওদাগর পাড়ার প্রধান চলাচলের সড়কের একটি বড় অংশ ইতোমধ্যে বিলীন হয়ে গেছে। এতে এলাকাবাসীর দৈনন্দিন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে হচ্ছে। অভিভাবকদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
স্থানীয় এক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, “গত ১৫ বছর ধরে আমরা শুধু আশ্বাসই শুনে আসছি। কিন্তু কোনো সরকার বা প্রশাসন আমাদের বুকফাটা আর্তনাদ শোনেনি। আজ আমাদের ঘরবাড়ি, শেষ সম্বলটুকুও বিলীন হওয়ার পথে। ছেলে-মেয়েদের নিরাপদে স্কুলে পাঠাতেও ভয় লাগে। আমরা দ্রুত এই ভাঙনের স্থায়ী সমাধান চাই।”
এলাকাবাসীর দাবি, জরুরি ভিত্তিতে ভাঙনকবলিত এলাকায় জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। পাশাপাশি দীর্ঘমেয়াদি সমাধানের জন্য গাইড ওয়াল বা সিসি ব্লকের টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা জরুরি।
ভিটেমাটি, কৃষিজমি ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার স্বার্থে স্থানীয়রা বর্তমান সরকার, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং লোহাগাড়া উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের আশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে ভয়াল ভাঙনের কবল থেকে রক্ষা পাবে উত্তর পদুয়ার সওদাগর পাড়াসহ আশপাশের জনপদ।


