চেতনা ডেক্স: বোয়ালখালী উপজেলার, পশ্চিম শাকপুরা নিবাসী, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাবেক সভাপতি, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, সেক্টর কমান্ডারস ফোরাম বোয়ালখালী উপজেলার সভাপতি ও সিপিবি নেতা, কমরেড সুনীল কান্তি চক্রবর্তী মৃত্যুবরণ করেছেন।
আজ ৩০ জুলাই, সকাল ৮টায় নগরীর বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় পরলোকগমন করেন। তিনি দুরারোগ্য ক্যান্সার রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।তিনি স্ত্রী ও একজন দত্তক ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি নিঃসন্তান ছিলেন।
আজ দুপুর ১টায় টায় পশ্চিম শাকপুরা দারোগা মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুনের নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকস দল রাস্ট্রীয় গার্ড অব অনার প্রদান করেন। পরে নিজ বাড়ি শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পূর্ণ হয়।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোঃ হারুন মিয়া, উপজেলা ও ইউনিয়নের মুক্তিযোদ্ধাসহ স্থানীয় সর্বস্তরের জনগণ।
কমরেড সুনীল চক্রবর্তী বোয়ালখালী উপজেলার কৃতি সন্তান। তিনি শাকপুরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত নিরঞ্জন চক্রবর্তীর ছেলে। তিনি চট্টগ্রামের বোয়ালখালীর পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ছিলেন। পশ্চিম শাকপুরা অংকুর খেলাঘরের প্রতিষ্ঠাতা, মানস রঞ্জিনী সমিতির সাবেক সভাপতি।
- এদিকে মুক্তিযোদ্ধা সুনিল চক্রবর্তীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দ। এক শোক বার্তায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা বলেন, বীর মুক্তিযোদ্ধা কমরেড সুনিল চক্রবর্তী একজন আদর্শবান শিক্ষক নেতা ও গুণী মানুষ ছিলেন।তিনি সর্বজনীন বিজ্ঞান মনস্ক শিক্ষা ব্যাবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন আমৃত্যু। ছিলেন চট্টগ্রাম তথা বাংলাদেশের শিক্ষা আন্দোলনের পুরোধা। তাঁর মৃত্যুতে জাতি এক শ্রেষ্ঠ সন্তানকে হারালো। নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শোক বার্তায় স্বাক্ষর করেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার মো. শহীদুল হক চৌধুরী ছৈয়দ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মো সরওয়ার আলম চৌধুরী মনি, মুক্তিযোদ্ধার সন্তান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল, চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক শাহেদ মুরাদ সাকু, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিজানুর রহমান সজিব, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সদস্য সচিব কাজী মুহাম্মাদ রাজিশ ইমরান প্রমুখ।


