বিশেষ প্রতিনিধি: নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৩৮৩ জন হয়েছে। নতুন করে আরো দুই হাজার ১৫৮ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট তিন লাখ ১৯ হাজার ৬৮৬ জন করোনায় আক্রান্ত হলো। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে দুই হাজার ৯৬৪ জন। এ নিয়ে দেশে মোট দুই লাখ ১৩ হাজার ৯৮০ জন করোনা থেকে সুস্থ হলো।
আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯৩টি ল্যাবে ১৪ হাজার ৪২২টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ১৪ হাজার ৬১৭ টি।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ২৪ ও নারী আটজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে তিন হাজার ৪৩২ জন ও নারী ৯৫১ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন ও ষাটোর্ধ্ব ১৮ জন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে সাতজন, সিলেট বিভাগে তিনজন , রংপুর বিভাগে ছয়জন ও ময়মনসিংহ বিভাগে একজন। এর মধ্যে হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩১ জন ও বাড়িতে একজন।
দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। বর্তমানে দেশে ১৫ লাখ ৯২ হাজার ৩৮ জনের শরীরে করোনাভাইরাসের পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে তিন লাখ ১৯ হাজার ৬৮৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।


