বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের ভোট ১৭ অক্টোবর

বিশেষ প্রতিনিধি: জাতীয় সংসদের শূন্য ঘোষিত ঢাকা-৫ ও নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের ভোটগ্রহণ আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। দুই আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর তফসিল ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, ‘দুই আসনেই ইভিএমে ভোটগ্রহণ করা হবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ চলবে।’

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২০ সেপ্টেম্বর। আপিল করতে হবে ২১ থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে। আপিল নিষ্পত্তি করা হবে ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৭ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ করা ২৮ সেপ্টেম্বর।

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে, সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে ডেমরা থানা নির্বাচন অফিসার ও মতিঝিল থানা নির্বাচন অফিসারকে।

নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে জেলা নির্বাচন কর্মকর্তাকে এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন নিয়ামতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা।

গত ৬ মে বার্ধক্যজনিত কারণে সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা ইন্তেকাল করলে ঢাকা-৫ আসনটি শূন্য ঘোষণা করা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮, ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা মহানগরের ডেমরা, দনিয়া, মাতুয়াইল ও সারুলিয়া ইউনিয়ন নিয়ে এই আসনটি গঠিত।

অন্যদিকে গত ২৭ জুলাই আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ইসরাফিল আলম করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে নওগাঁ-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ৪ ধারা অনুযায়ী সংসদ ভেঙে যাওয়া ছাড়া অন্য কোনো কারণে সংসদের কোনো আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। তবে কোনো দৈব-দুর্বিপাকের কারণে নির্বাচন অনুষ্ঠানের জন্য আরো ৯০ দিন সময় পাবে ইসি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত