বিশেষ প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাজা দুই দফায় ছয় মাস করে স্থগিতের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আজ রোববার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, সরকার দ্বিতীয় দফায় খালেদা জিয়ার সাজা স্থগিত করছে। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। কিন্তু বিএনপি নেতারা তার বিষয়ে যেভাবে বক্তব্য দিচ্ছেন, তাতে তাকে ফের কারাগারে পাঠানোর দাবি উঠতে পারে।
সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর এক বক্তব্যে দাবি করেছেন যে, দ্বিতীয় দফায় ছয় মাস সাজা স্থগিত করলেও সরকার খালেদা জিয়াকে অন্তরীণ করে রেখেছে। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, তার বক্তব্য প্রচণ্ড হাস্যকর।
প্রধানমন্ত্রী তার ক্ষমতাবলে খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, মির্জা ফখরুল সাহেব যেভাবে কথাবার্তা বলছেন এবং তাদের অন্যান্য নেতারা যে কথাগুলো বলছেন, এতে এটাই মনে হচ্ছে যে, প্রধানমন্ত্রী যে মহানুভবতা দেখিয়েছেন তা না দেখালেই ভালো হতো।
কারণ তিনি (খালেদা জিয়া) সাজাপ্রাপ্ত আসামি, তার তো কারাগারের ভেতরেই থাকার কথা ছিল। তাকে প্রধানমন্ত্রী প্রথমে ছয় মাসের জন্য মুক্তি দিয়েছেন। পরে আরো ছয় মাস সেটি বর্ধিত করা হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা, যোগ করেন ড. হাছান মাহমুদ।
মির্জা ফখরুলের উচিত ছিল এই মহানুভবতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো মন্তব্য করে তিনি বলেন, অথচ সেটি না করে তিনি এবং তার দলের নেতারা যে কথাগুলো বলছেন, এতে মনে হচ্ছে প্রধানমন্ত্রী মহানুভবতা না দেখালেই পারতো। ভবিষ্যতে বিএনপি নেতাদের বক্ত্যবের প্রেক্ষিতে খালেদা জিয়াকে আবার কারাগারে পাঠানো হোক, এই দাবি উঠে কি না সেটিই এখন বড় প্রশ্ন।


