কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় আরও তিন আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত আসামি জিয়াউর রহমান তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে এ ঘটনায় গ্রেপ্তার ৫ জনকেই ৩ দিন করে রিমান্ড দেয়া হয়েছে। এর আগে একই দিন সকাল ১০টা ৫০ মিনিটে ৩ জনকে আদালতে হাজির করে পুলিশ।
রিমান্ড প্রাপ্তরা হলেন, উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ১ ইস্ট রোহিঙ্গা ক্যাম্প ১৫ ব্লকের বাসিন্দা জকির আহমদের ছেলে জিয়াউর রহমান (২৫), লম্বাশিয়া ৮ ডাব্লিউ ক্যাম্পের এইচ ৫৪ নং ব্লকের মৃত মকবুল আহমদের ছেলে মোহাম্মদ সালাম (৩২) ও ৫নং ক্যাম্পের রজক আলীর ছেলে মো. ইলিয়াছ (২৮)।
এ ঘটনায় গত রোববার (৩ অক্টোবর) এ ঘটনার ২ আসামি মোহাম্মদ সেলিম ওরফে লম্বা সেলিম (৩৩) ও শওকত উল্লাহকে (২৩) ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ পর্যন্ত মুহিব্বুল্লাহ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এপিবিএন ৪ জন এবং উখিয়া থানা পুলিশ ১ জনকে গ্রেপ্তার করেছে।
উল্লেখ্য, বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নিজ সংগঠনের কার্যালয়ে অবস্থানকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ।
এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে উখিয়া থানায় ৩০২/৩৪ ধারায় একটি মামলা রুজু করা হয়। যার বাদী নিহত মুহিবুল্লাহর ছোট ভাই হাবিব উল্লাহ।


