করোনা টিকা নিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। রোববার সকালে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে এই টিকা নেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
টিকা নেওয়ার পর তিনি কাউকে গুজবে কান না দিয়ে টিকা নেওয়ার জন্য সকলকে নির্দেশ দেন। এছাড়া জনসাধারণ ও সেনাবাহিনীর সদস্যদের টিকা দেওয়ার সুব্যবস্থা করায় প্রধানমন্ত্রীকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান.
এর আগে শুক্রবার সকাল ১০টায় তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
আইএসপিআর বিজ্ঞপ্তিতে জানায়, ২৯ জানুয়ারি মার্কিন সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে তিনি ঢাকা ত্যাগ করেন। সফরকালে আজিজ আহমেদ মার্কিন সেনাপ্রধানসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। মার্কিন সেনাবাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রশিক্ষণ সুবিধাদি পরিদর্শন করেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।


