বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে মৃত্যুহীন দিনে শনাক্ত ২২

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি। তবে একই সময়ে আরও ২২ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। এদের মধ্যে নগরীর ১৩ জন ও উপজেলার ৯ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২ হাজার ১০০ জনে। এছাড়া মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১৩ জনে।

শনিবার (১৬ অক্টোবর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৮৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। করোনা শনাক্তের হার ১ দশমিক ১৬ শতাংশ।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চবি ল্যাবে ১৮টি নমুনা পরীক্ষা করে ২ জন, চমেক ল্যাবে ৯২টি নমুনা পরীক্ষা করে ৫ জন, সিভাসু ল্যাবে ৮৬টি নমুনা পরীক্ষা করে ৮ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩২৫টি নমুনা পরীক্ষা করে ৩ জন, শেভরন ল্যাবে ৪৯৬টি নমুনা পরীক্ষা করে ১ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ২৬টি নমুনা পরীক্ষা করে ১ জন এবং মেট্রোপলিটন হাসপাতালে ১৭টি নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

এছাড়া বিআইটিআইডি ল্যাবে ৬২১টি, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১২টি, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৭টি ও ল্যাব এইডে ৩টি নমুনা পরীক্ষা করে সবগুলো নেগেটিভ পাওয়া গেছে। এদিন অ্যান্টিজেন টেস্ট ও আরটিআরএল ল্যাব টেস্ট করা হয়নি।

উপজেলার মধ্যে চন্দনাইশে ২ জন, পটিয়ায় ১ জন, বোয়ালখালীতে ২ জন, রাঙ্গুনিয়ায় ২ জন, হাটহাজারীতে ৫ জন ও মিরসরাইয়ে ১ জন করোনা আক্রান্ত হয়েছেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত