চোখ জুড়ানো বিয়ের লেহেঙ্গা। লেহেঙ্গার সাথে মিলিয়ে রয়েছে শেরওয়ানি। বর-বউয়ের কাপল পোশাকগুলো নজর কাড়ছে সবার। দামও বেশ, ৩০ হাজার থেকে এক লাখেরও বেশি দামের বিয়ের পোশাক উঠেছে মেলায়।
শুধু লেহেঙ্গা শেরওয়ানি নয়, মেলায় উঠেছে বিয়ের শাড়ি, ডিজাইনেবল গহনা থেকে শুরু করে বিয়ের নানা উপকরণ, আসবাবপত্র, ফটোগ্রাফি, হানিমুন প্যাকেজ পর্যন্ত। বিয়েবাড়ির সব আয়োজন এক ছাদের নিচে।
শীতকাল মানেই বিয়ের মৌসুম। এ মৌসুমকে সামনে রেখে বৃহস্পতিবার রেডিসন ব্লু’র মেজবান হল সেজে উঠেছে বিয়ের সাজে।
পঞ্চম বারের মত রেডিসন ব্লু’র বে ভিউ আয়োজিত ওয়েডিং এক্সপোর তত্ত্বাবধানে রয়েছে ভায়োলেট ইনকরপোরেশন। তিনদিনের এ মেলা বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। মেলায় প্রায় ৩০টি স্টল তাদের পণ্য প্রদর্শনী করেছে।
মেলায় ছিল ওয়েডিং এক্সপার্টস কনসালটেন্সি ফার্ম, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, মেকআপ, নবদম্পতির ঘর সাজানোর ফার্নিচার, স্বনামধন্য ডিজাইনারদের পোশাক প্রদর্শনী, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান, ক্যাটারিং সার্ভিস ও মধুচন্দ্রিমার প্যাকেজ।
তিনদিনের এ মেলা শেষ হবে আজ (শনিবার) রাত সাড়ে ৯টায়।


