গাইবান্ধার গোবিন্দগঞ্জে হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় ইজিবাইকের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও তিনজন।
নিহতরা হলেন- নজরুল ইসলাম (৬৫), সোহাগ শেখ (১৯), আশরাফ মিয়া (৭০), সুজন কুমার বিশ্বাস (৩৮) এবং রিপন মিয়া (৩৩)। তারা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম।
স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী হানিফ পরিবহনের একটি বাস গোবিন্দগঞ্জের কালিতলা এলাকায় একটি ইজিবাইককে চাপা দেয়।
এতে ইজিবাইকটি দুমড়ে-মুচগে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।


