বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

সীতাকুণ্ডে স্থগিত হওয়া দুই ওয়ার্ডে উপ-নির্বাচন ৩০ নভেম্বর

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্থগিত হওয়া ২ ওয়ার্ডের উপ-নির্বাচন আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচনের রিটার্নিং অফিসার মো. কামরুল হাসান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউপিতে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ব্যালট ছিনতাই ও কেন্দ্র দখলের চেষ্টাসহ নানান ঘটনার অভিযোগে বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও ৭ নম্বর ওয়ার্ডের একটি এতিমখানা কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয় এবং ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার সেলিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

ফলে ওই ইউপির ফলাফল ঘোষণা থেমে যায়। তবে এ নির্বাচন করার বিষয়ে আবারো নির্বাচন কমিশন থেকে দিক নির্দেশনা আসার পর উপজেলার রিটার্নিং অফিসার আগামী ৩০ নভেম্বর স্থগিত হওয়া ওই দুটি কেন্দ্রে ভোটগ্রহণ করার কথা ঘোষণা করেছেন।

প্রসঙ্গত, এ নির্বাচনে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হওয়ার পর ৭টি ওয়ার্ডের ফলাফল ঘোষণা করা হয়। তাতে নৌকার প্রার্থী চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গীর ৬৪২৬ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী আরিফুল আলম রাজু আনারস প্রতীকে ২৯৫৭ ভোট পান।

এতে রাজুর চেয়ে ৩ হাজার ৪৬৯ ভোটে এগিয়ে ছিলেন নৌকার প্রার্থী শওকত। আর স্থগিত হওয়া কেন্দ্র দুটির মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৫০০ জন। এই উপ-নির্বাচনের পর এই ইউনিয়ন পরিষদের ফলাফল ঘোষণা করা হবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত