মঙ্গলবার, ২৬ মে ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, দেখা নেই সূর্যের

চট্টগ্রামে রাত থেকে এখন পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সোমবার (৬ ডিসেম্বর) সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। এতে স্কুলে ও কর্মস্থলে যেতে নগরবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

আবহাওয়া অধিদপ্তর জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে একই এলাকায় নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

এ ছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে নদ-নদীগুলোতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে দুই ফুট বেশি বেড়ে গেছে। বৃষ্টির সঙ্গে বাতাস থাকায় বেড়েছে ঠাণ্ডা। গত রোববার থেকে সোমবার (৬ ডিসেম্বর) দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি নামছে।

এদিকে মঙ্গলবার (৭ ডিসেম্বর) থেকে দেশের বেশির ভাগ এলাকার আকাশ পরিষ্কার হতে থাকবে। ফলে তাপমাত্রা কমে গিয়ে ঠাণ্ডা বাড়তে পারে বলে জানা গেছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস থেকে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের টানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল রয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপ থেকে লঘুচাপে পরিণত হয়েছে। গতকাল রাত থেকে থেমে থেমে বৃষ্টি হলেও সোমবার (৬ ডিসেম্বর) সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে।

তিনি আরও বলেন, গতকাল রাত ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ১৫ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টি আজ সারাদিন এবং আগামীকাল মঙ্গলবার পর্যন্ত তাকতে পারে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত