চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় প্রায় চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-পরিচালক মো. আনিসুর রহমান এ তথ্য জানান। এর আগে ভোর ৫টার পরে আগুনের সূত্রপাত হয়।
মো. আনিসুর রহমান জানান, পাঁচটি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় সকাল সোয়া নয়টার পরে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখানে পাশাপাশি চারটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবন কর্তৃপক্ষের আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না। দূর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে হয়েছে।
তিনি জানান, ঝুটের গুদাম হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে ডাম্পিং শেষ করতে কিছুটা সময় লাগবে।
তিনি আরও জানান, তবে আগুন কীভাবে লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিক জানা যায়নি। তদন্ত করে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।


