বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

বিরাট-আনুশকার পাশের ফ্ল্যাটেই উঠছেন ভিকি-ক্যাটরিনা

বিনোদন ডেস্ক:
একদিন আগেই সাত পাকে বাঁধা পড়েছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। এই দুই তারকার জাঁকজমকপূর্ণ বিয়ের ছবি দেখার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলেন অনুরাগীরা।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে সেই ছবি প্রকাশ্যে আসতেই সবাই মুগ্ধ হয়েছেন নতুন বউ ক্যাটরিনা এবং বর ভিকিকে দেখে। ভক্তদের পাশাপাশি স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অভিনেত্রী আনুশকা শর্মা।

ইনস্টাগ্রামে তার একটি পোস্ট নেটিজেনদের নজর কেড়েছে। আনুশকা শুধু নবদম্পতিকেই নয়, নতুন প্রতিবেশীকেও স্বাগত জানিয়েছেন। জানা গেছে, এখন থেকে মুম্বাইয়ে একই আবাসনের পাশাপাশি ফ্ল্যাটে থাকবেন তারা।

বিয়ের বেশ কিছুদিন আগে থেকেই নিজেদের নতুন ফ্ল্যাট সাজাতে শুরু করেন ভিক্যাট। তাদের বাড়ির কনস্ট্রাকশনের আওয়াজে ভীষণ অস্বস্তিতে ছিলেন আনুশকা। আর তাই নবদম্পতিকে শুভেচ্ছা জানানো পোস্টে মজা করেই লিখেছেন, ‘তোমাদের দু’জনকেই অনেক অনেক শুভেচ্ছা। সারাজীবন একসঙ্গে থেকো। অবশেষে তোমরা বিয়ে করে তোমাদের বাড়িতে চলে আসতে পারবে। আমাদেরও আর কনস্ট্রাকশনের আওয়াজ শুনতে হবে না।’

আগামী পাঁচ বছরের জন্য মুম্বাইয়ের জুহুতে ‘রাজমহল’ নামে এক আবাসনে বড়সড় একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন ভিকি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সেই ফ্ল্যাটটি ভাড়া নিতে ভিকি জমা রেখেছেন ১ কোটি ৭৫ লাখ রুপি। প্রথম ৩৬ মাস ক্যাট ও ভিকিকে ভাড়া দিতে হবে ৮ লাখ করে।

পরবর্তী ১২ মাস ৮ দশমিক ৪০ লাখ এবং তার পরের এক বছর ৮ দশমিক ৮ লাখ করে ভাড়া দেবেন। বিলাসবহুল এই ফ্ল্যাটের খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছিলো। প্রশ্ন উঠেছিলো, প্রতি মাসে যদি এত টাকা ভাড়া দেন, তবে সংসার কীভাবে চলবে তাদের?

রাজস্থানের দুর্গে ভিক-ক্যাটরিনার বিলাসবহুল বিয়েতে অতিথি তালিকা ছিল খুবই সংক্ষিপ্ত। শুধু আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরাই তাদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অতিথিদের মোটেই খালি হাতে ফেরাননি নবদম্পতি। বেতের ঝুড়ি ভর্তি মিষ্টি, ড্রাই ফ্রুটস ‘রিটার্ন গিফট’ হিসেবে পেয়েছেন অতিথিরা। সঙ্গে একটি সুন্দর নোট।

তাতে লেখা– দূর এবং কাছের যারা আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, তাদের সবাইকে অশেষ ধন্যবাদ। সবাই যে আমাদের সঙ্গে রয়েছেন, তা উপলব্ধি করে আমরা অত্যন্ত ভাগ্যবান মনে করছি। আপনাদের আশীর্বাদ, ভালবাসা, স্পর্শে আমরা পরিপূর্ণ। এটাই আনন্দানুষ্ঠানের শুরু, আরও অনেক কিছু একসঙ্গে উদযাপন করবো।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত