বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

সাতক্ষীরায় ঈশ্বরীপুর ইউনিয়নে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে নৌকা ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শ্যামনগর উপজেলার বংশীপুর বাস স্ট্যান্ডে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় আগামী ৫ জানুয়ারির ইউপি নির্বাচন নিয়ে নৌকার প্রার্থী শোকর আলী ও স্বতন্ত্র প্রার্থী সাদেকুর রহমান সাদেমের কর্মী-সমর্থকরা মিছিল বের করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বংশীপুর বাস স্ট্যান্ড এলাকায় দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল পরস্পরকে অতিক্রমের সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।

এ সময় দুই পক্ষই একে অপরের ওপর দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এক পর্যায়ে দুই পক্ষের শতাধিক কর্মী সমর্থক বংশীপুর বাস স্ট্যান্ডের বিভিন্ন অংশে অবস্থান নিয়ে পরস্পরের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।

খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ ও লাঠিচার্জ করে।

স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সাদ্দামের ভাই আবদুল ওহাব জানান, তাদের শান্তিপূর্ণ মিছিলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে বর্তমান চেয়ারম্যান নৌকার প্রার্থী শোকর আলীর লোকজন। এসময় সাদিকুর রহমানের ২৫-৩০ জন কর্মী-সমর্থক গুরুতর আহত হন।

জিএম শোকর আলীর কর্মী হাবিবুর রহমান জানান, সাদিকুর রহমানের কর্মী-সমর্থকরা কোনো উসকানি ছাড়াই তাদের নির্বাচনী কার্যালয়ে হামলা চালায়। প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে প্রার্থী আব্দুল কাদেরের অন্তত ৩০ কর্মী-সমর্থক আহত হয়েছেন।

শ্যামনগর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে , গুলিবিদ্ধ কয়েকজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে রাবার বুলেট ছোঁড়ার বিষয়টি নিশ্চিত না হয়ে বলতে পারছি না।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত