নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে কাজ না করায় মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শনিবার দুপুরে কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সভার সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ায় মহানগর সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক হাসনাত রহমানের নেতৃত্বে থাকা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তারা নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনি বলেন, মেয়াদোত্তীর্ণ হওয়ায় কেন্দ্রীয় সংসদের সভার সিদ্ধান্ত অনুযায়ী নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
এছাড়া নির্বাচনে ওই মহানগর কমিটির যেভাবে প্রচার-প্রচারণাসহ সাংগঠনিক কাজ করার দরকার ছিল তা করছিলেন না। কমিটিকে গতিশীল করতে শিগগিরই নতুন কমিটি দেয়া হবে।


